দেশব্যাপী চলমান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দু’দিনব্যাপী পার্টির পলিটব্যুরোর সভায় এক প্রস্তাবে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘এই প্রক্রিয়া অব্যাহত থাকলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।’
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেয়ার বদলে এই প্রক্রিয়ায় তার সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে সন্দেহ প্রকাশ করা হয়। সভায় গৃহীত প্রস্তাবে এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
সভার শুরুতে পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভুঁইয়া ও পাবনা জেলা কমিটির সদস্য আজম খানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং সদ্য প্রয়াত জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় পার্টির সংসদীয় দলকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস পালনের আহ্বান জানানো হয়। বাসস।
ইত্তেফাক/মণ্ডল
