ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনলদো। সুদর্শন এই পর্তুগিজের সিনেমার রঙ্গিন দুনিয়াতেও অনেক চাহিদা। এতদিন বিজ্ঞাপন চিত্রে কাজ করলেও এবার অভিনেতার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন রিয়াল মার্দিদ সুপারস্টার।
তুরস্কের একটি সিরিয়ালে অ্যাঞ্জেলিনা জোলি, ন্যান্সি আজরামদের সহ-অভিনেতা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই তারকা ফুটবলারের।
রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো পর্তুগিজ ফরোয়ার্ডকে দেখা যাবে ‘হায়াত কপরুসু’ (ব্রিজ অব লাইফ) নামক এক তুর্কিস সিরিয়ালে। যেখানে রোনালদো সহ-অভিনেত্রী হিসেবে পাচ্ছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে। তুরস্ক, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায় সম্প্রচার করা হবে সিরিয়ালটি।
সিরিয়ালটির ব্যাপারে পরিচালক ইয়ুপ ডারলিক বলেন, এই সিরিয়ালে বিশ্বের সকল প্রান্তের অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নেবেন। তাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যাঞ্জেলিনা জোলি, ন্যান্সি আজরামও রয়েছেন।
IMG0
ডারলিক আরও বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই আমরা কাজ শুরু করব। মূলত এক শরণার্থী পরিবার ও তাদের ভোগান্তি নিয়ে এই সিরিয়ালের কাহিনী আবর্তিত হবে।
সম্প্রতি সিরিয়ান রিফিউজিদের সমর্থনে কথা বলেন রোনালদো। যুদ্ধাহত শিশুদের জন্য নানা অনুদানও দিয়েছেন রিয়াল মাদ্রিদ প্রাণভোমড়া। এছাড়া ছুটি ও ব্যবসার কাজে তুরস্কে যথেষ্ট সময় কাটান ৩২ বছর বয়সি রোনালদো।
ইতিমধ্যে সিরিয়ালের ট্রেইলার তৈরি হয়েছে বলে জানা গেছে। সিরিয়া সীমান্তের পাশে শিগগিরই সিরিয়ালের দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
ইত্তেফাক/রেজা
