গত বছর বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তৈরি ‘মুজিব’ বইয়ের গ্রাফিক নোভেল সিরিজ-২ এর পর এবারের বইমেলায় আসছে তার তৃতীয় খণ্ড। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর উদ্যোগে রবিবার সকালে বাংলা একাডেমি চত্বরে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, নাহিম রাজ্জাক, শিল্পী রাশাদ ইমাম তন্ময়সহ আরো অনেকেই।
কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের সহযোগিতায় বইটি প্রকাশ করেছেন রাদওয়ান মুজিব। প্রকাশক হিসেবে তার সঙ্গে রয়েছেন নসরুল হামিদ। বইটি সম্পাদনা করেছেন শিবু কুমার শীল। এ ছাড়াও কাহিনী বিন্যাস ও সংলাপে রয়েছেন সিদ্দিক আহমেদ।
IMG0
শিশু কিশোরদের জন্য রচিত এই বইটিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে ক্রমান্বয়ে মোট ১২টি খণ্ডে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যার ২টি খণ্ড প্রকাশিত হয়েছে।
বইটির তৃতীয় খণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কিভাবে জনপ্রিয় নেতা হয়ে ওঠেন তা উঠে এসেছে।
বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয় ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে। এরপর ২০১৬ সালের ১৩ই ফেব্রুয়ারি বই মেলায় প্রকাশিত হয় এই নোভেলের দ্বিতীয় খণ্ড।
রবিবার বইটির মোড়ক উন্মোচনের পর থেকে পাওয়া যাবে সিআরআই-এর স্টলে (বাংলা একাডেমি প্রাঙ্গণ, স্টল- ১০০ ও ১০১)।
ইত্তেফাক/রাফাত
