মাত্র ৫০ টাকার জন্য সানজিদা আক্তার (১২) নামে স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬নং আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। তার পিতার নাম মো. আব্দুল হামিদ। শুক্রবার এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
আজ শনিবার এলাকাবাসী জানায়, সানজিদা পাশ্ববর্তী ৭নং ওয়ার্শি ইউনিয়নের মসদই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সানজিদা একই এলাকায় তেঘুরি গ্রামের একটি কিন্ডার গার্টেন (কেজি স্কুলে) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য তার বাবা-মার কাছে ৫০ টাকা বায়না ধরে। কিন্ত তার দরিদ্র পিতা প্রথমে টাকা দিতে অপারগতা প্রকাশ করলেও পরে মেয়ের আবদারে ধার দেনা করে ৩০ টাকা হাতে দেয়। কিন্ত সানজিদা এই ৩০ টাকা না নিয়ে অভিমান করে বাড়িতে ঘরের মধ্যে শুয়ে থাকে। পিতা মাতার অগোচরে বিকেলে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সানজিদা আত্মহত্যা করে। এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার (এএসআই) নুরুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
