হৃদরোগে আক্রান্ত গুণী অভিনয়শিল্পী তারিক আনাম খান উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন । গতকাল শুক্রবার সকালে তিনি ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুবাইলে একটি নাটকের শুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিন দিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লি নেয়া হয়েছে। ভারত যাওয়ার আগে তিনি কিছুটা সুস্থ ছিলেন বলে জানা গেছে।
তারিক আনাম খানের অসুস্থতা ও ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক নাট্যজন ঝুনা চৌধুরী। তিনি জানিয়েছেন, শুক্রবার সকালেই তারিক আনাম খানকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেয়া হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দ্রুত ভিসা ও অন্যান্য প্রক্রিয়াদি সহজ করে দিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবারও কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী। এ জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/আনিসুর
