শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল

হার দিয়ে টুর্নামেন্ট শুরু আবাহনীর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৯
চট্টগ্রামের টুর্নামেন্টে আবাহনী শুরুটা ভালো করতে পারল না। মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস এফসির কাছে ১-০ গোলে হেরেছে আবাহনী। ইব্রাহিম গোল করেছেন। পাসিং ফুটবলে খেলে আবাহনীকে ধরাশায়ী করেছে মালদ্বীপের ক্লাব। ম্যাচের ১৫ মিনিটে আবাহনী গোল হজম করে সেটি শোধ করতে পারেনি ৭৫ মিনিটেও। সমতা আনতে পারেনি পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন আবাহনী।
 
আক্রমণভাগে আবাহনীর ইংলিশ ফুটবলার জনাথন, নাইজেরিয়ান সিমন এবং এমেকা ডার্লিংটন খেলেছেন। কিন্তু তারপরও আবাহনীকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। চট্টগ্রামে আবাহনীর কাল রাতটা বিভীষিকাময় রাত গেছে। কারণ আবাহনী অন্তত এক ডজন সুযোগ পেয়েও একটা বল জালে রাখতে পারেনি। সেই কষ্টে নীল আবাহনী।
 
উড়ন্ত সূচনা কোরিয়ান ক্লাবের
 
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোচেয়ন সিটিজেন। গতকাল শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে পোচেয়ন ক্লাব ২-০ গোলে কিরগিজস্তানের ক্লাব এফসি আলগাকে সহজেই হারিয়েছে। 
 
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের সুযোগটি কাজে লাগিয়ে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়ার দল পোচেয়ন সিটিজেন ক্লাব। প্রায় ২৫ গজ দূর থেকে জাং ইয়ং ইক’র দূরপাল্লার শটটি কিরগিজস্তানের গোলকিপার রোসল্যান্ডজানিবিকভের হাতে লেগে জালে প্রবেশ করে (১-০)। ৫ মিনিট পরেই আবারো এগিয়ে যায় পোচেয়ন সিটিজেন। ১৯ মিনিটে ডানপ্রান্ত থেকে পার্ক জং চো’র থ্রু পাস থেকে বক্সে ফাঁকায় পেয়ে মিড ফিল্ডার জিকিউং ডিউক প্লেসিং শটে গোল করেন (২-০)। প্রথমার্ধের বাকি সময় গোল পরিশোধে পোচেয়নের দুর্গে কয়েকবার হানা দিলেও ডিফেন্ডারদের দক্ষতায় ব্যর্থ হয় কিরগিজস্তানের এফসি আলগার আক্রমণগুলো।
 
পোচেয়ন সিটিজেনের হেড কোচ কিম জে ইয়ং বলেন, ‘আমরা আরো ভালো করতে পারতাম, কিন্তু মাঠের ধরন বুঝে উঠতে সময় লেগেছে। কোরিয়ান দলে অলিম্পিক খেলা দু’জন খেলোয়াড় রয়েছেন। কিরগিজ হেড কোচ আলেকজান্ডার বেলেডিনভ বলেন,‘আমাদের খেলোয়াড়রা মাঠের পরিবেশ বুঝে উঠতে পারেনি। তাই পারফরম্যান্স খারাপ হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
 
আজকের খেলা
 
মোহামেডান ও মানাং মারসিয়াংদি (নেপাল)
 
চট্টগ্রাম আবাহনী ও শাহীন আসমায়ী (আফগানিস্তান) বিকাল ৪টা ও ৭টা, এমএ আজিজ স্টেডিয়াম।
 
ইত্তেফাক/মাহাদী