মুক্তির এক সপ্তাহ আগে আইনি জটিলতায় ‌‘রেঙ্গুন’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৪
 
আসছে ২৪ ফেব্রুয়ারি মুক্তির পাওয়া কথা সাইফ আলী খান, কঙ্গনা রাণৌত ও শহিদ কাপুর অভিনীত ‌‘রেঙ্গুন’। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি মুক্তির এক সপ্তাহ আগে আইনি জটিলতায় পড়েছে।
 
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াদিয়া মুভিটোন প্রাইভেট লিমিটেড রেঙ্গুন সিনেমার পরিচালক বিশাল ভরদ্বাজ ও নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার দায়ে মুম্বাই হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
 
ওয়াদিয়া মুভিটোন প্রাইভেট লিমিটেডের প্রধান রয় ওয়াদিয়া জানিয়েছেন, রেঙ্গুন সিনেমায় কঙ্গনা রাণৌতের জুলিয়া চরিত্রটি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ম্যারি ইভান্সের অনুকরণে করা হয়েছে। ম্যারি ‘ফেয়ারলেস নাদিয়া’ নামে পরিচিত ছিলেন। রয় ওয়াদিয়ার দাবি, ফেয়ারলেস নাদিয়ার সকল সিনেমা, পোস্টার ও প্রচারণার স্বত্ব তার প্রতিষ্ঠানের।
 
মামলায় আরো দাবি করা হয়েছে, কপিরাইট আইন ভঙ্গ করে কঙ্গনার জুলিয়া চরিত্রের মাধ্যমে ‘ফেয়ারলেস নাদিয়া’র কথা বলার ভঙ্গি, পোশাক, পোজ সবকিছুই অনুকরণ করা হয়েছে। ওয়াদিয়ার ভাষ্য মতে, নাদিয়া প্রায়ই ‘ব্লাডি হেল’ শব্দটি ব্যবহার করতেন।
 
বিষয়টি নিয়ে রয় ওয়াদিয়া চটেছেন। তিনি জানিয়েছেন, যদি রেঙ্গুন সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা করা হয় তা হলে নির্মাতাদের আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে। আগামীকাল ২০ ফেব্রুয়ারি মুম্বাই উচ্চ আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।  ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর