‘গ্রামীণ জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫২
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন, শিক্ষা ও চিকিৎসা সেবা সুনিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ জনপদের জীবন যাত্রার মানোন্নয়ন করা হবে।
 
তিনি বলেন, সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে পল্লী জনপদকে শহরের মতো করে গড়ে তোলা হবে।
 
আজ রবিবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইনকাম সাপোর্ট ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গাকে চিরতরে যাদুঘরে পাঠিয়ে দিয়েছে। জাতীয় উন্নয়নের মূল স্রোতে এ অঞ্চলের মানুষকে অন্তর্ভুক্ত করতে বৃহত্তর রংপুর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
 
তিনি এ সময় কুড়িগ্রাম, লালমনিরহাট সংযোগ সেতু হিসেবে দ্বিতীয় ধরলা সেতুসহ বিলুপ্ত ছিট মহলবাসীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
 
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমার্চ ফ্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বক্তৃতা করেন। -বাসস
 
ইত্তেফাক/কাউছার