চলন্ত গাড়িতে অপহরণ ও শ্লীলতাহানির শিকার হলেন মালায়ালাম অভিনেত্রী ভাবনা। গত শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে ভারতের কচির এরনাকুলামের আথানি নামক স্থানে তার গাড়িতে জোর করে একদল ব্যক্তি প্রবেশ করে। এরপর তার গাড়িতেই অপহরণ করা হয় এ অভিনেত্রীকে। দুর্বৃত্তরা তার শ্লীলতাহানি করে, অভিনেত্রীর ছবি ও ভিডিও করে দলটি।
খবরটি প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য ভারতীয় মিডিয়া। খবরে বলা হয়েছে, ভাবনাকে এক ঘণ্টার মতো জোর করে আটকে রাখা হয়। পরে গাড়িটি পালারিভাত্তম নামক জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা অন্য একটি গাড়িতে উঠে পালিয়ে যায়।
এরপর অভিনেত্রী ভাবনা মালায়লাম পরিচালক লালের বাড়িতে যান এবং এ ব্যাপারে পুলিশের কাছে মামলা দায়ের করেন ভাবনা।
এ ঘটনায় ভাবনার গাড়িচালক মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি সুনীল কুমার এখনো পলাতক। পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর সঙ্গে কমপক্ষে পাঁচজন ব্যক্তি জড়িত। এ ঘটনায় অপহরণ ও শ্লীলতাহানির মামলা গ্রহণ করেছে পুলিশ।
এখন পর্যন্ত প্রায় ৭৬টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। তামিল ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
কেরালার পুলিশ প্রধান লোকনাথ বেহরা বলেন, আমরা ইতোমধ্যে যেখান থেকে ভাবনাকে অপহরণ করা হয়েছিল, সে জায়গাটি চিহ্নিত করেছি। বিষয়টি নিয়ে যৌথ তদন্ত চলছে। আমরা জানতে পেরেছি কারা এটি করেছে। শিগগিরই তাদের ধরা হবে এবং সত্যের উদঘাটন করা হবে।
ইত্তেফাক/আনিসুর
