বাংলাদেশ নিজেদের অর্থে উন্নয়ন কাজ করছে : পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫০
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কয়েক বছর আগে বাংলাদেশের অধিকাংশ উন্নয়ন কাজ ভিনদেশি সহায়তায় চলতো। এখন তা নিজেদের অর্থায়নে চলছে। কারো সহায়তার প্রয়োজন হয় না।
 
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন, নয়েজ লেভেল মিটার বিতরণ, এনবিস্যাপ ও জীববৈচিত্র বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন।
 
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. নূরুল করিম।
 
অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র এবং শব্দদূষণ নিয়ে দুটি তথ্যচিত্র তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক মো. সোলায়মান হায়দার ও ফরিদ আহমেদ। এতে সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের তুলনামূলক চিত্র এবং পরিবেশের ক্ষেত্রে সরকারের অর্জনগুলো তুলে ধরা হয়।
 
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘পরিবেশ উন্নয়নে বিদেশি সহায়তার বদলে আমরা নিজেদের অর্থে কাজ করার চেষ্টা করছি। বড় কিছু পাবার জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছি।’
মন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ একটি ফান্ড গঠন করেছে। চুক্তি অনুযায়ী সেই ফান্ডে প্রতিবছর একশ’ বিলিয়ন ডলার পাবার কথা। সেটা এখন ঠিকমতো আসছে না। অর্থাৎ গতি হারিয়েছে।’
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বাংলাদেশে সড়ক তৈরি হলেও রোড ইঞ্জিনিয়ারিং উপেক্ষিত। পৃথিবীর বিভিন্ন দেশে রোড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনা করা হলেও আমাদের দেশে সেটা নেই। ফলে বিপত্তি ঘটছে।’
 
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০২১’ শুধু মধ্যম আয়ের দেশ নয়, সুখী, সুন্দর পরিবেশবান্ধব ও দুষণমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ে তুলবে। 
 
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থাকে (বিআরটিএ) শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দমাত্রা পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম-পুলিশ সদর দপ্তর) মো. মাসুম রব্বানী, বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শব্দমাত্রা পরিমাপক যন্ত্র গ্রহণ করেন। বাসস
 
ইত্তেফাক/উজ্জল