গাজীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮
গাজীপুরের শ্রীপুর থানার হত্যা মামলায় রুবেল শামা (২৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও আটজনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।
 
রবিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
 
রুবেল শামা সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার কাঠালবাড়ি ভোগরা বাজার এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে। খালাস প্রাপ্ত হলেন মো. কবির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. শাকিল ওরফে শাকিব, মো. সেলিম, মো. সোহেল, মো. জাহাঙ্গীর, আহাদুল ইসলাম বাদশা ও সুমন ওরফে চিকু।
 
গাজীপুর জজ কোর্টের পিপি হারিছ উদ্দিন আহম্মেদ জানান, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে আসামিরা ডাকাতি করার উদ্যেশ্যে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় ডাকাতরা আব্দুস ছোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ছোরা ধরলে তার ছেলে চিৎকার শুরু করে। এতে আশ পাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের শব্দে মোস্তফা কামাল হার্ট এ্যাটাকে মারা যান। এ ঘটনায় শ্রীপুর থানায় নিহতের চাচা আবদুস সোবাহান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
 
ইত্তেফাক/উজ্জল