নবম ওয়েজবোর্ড গঠন ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে: ইনু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নবম ওয়েজবোর্ড গঠন এবং বিশেষ করে সম্প্রচার নীতিমালা ও সাইবার আইন প্রণয়নসহ সংবাদ মাধ্যমে সংশ্লিষ্ট আইন আধুনিকায়নে সরকার কাজ করছে।’
 
রবিবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
 
সম্প্রচার ও সাইবার সংশ্লিষ্ট নতুন আইনটি নিয়ন্ত্রণমূলক হবে না সাংবাদিকদের এ আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি কাঁচের ঘরে বাস করছি। ঘরটিকে পোকা-মাকড় থেকে রক্ষা করতে একটি মশারি প্রয়োজন। আমরা কেবল এই জাল তৈরিই করছি।
 
ইনু বলেন, অবাধ সম্প্রচার ও সাইবার নীতিমালার কারণে অনেক ক্ষতিকর প্রভাবের উদ্ভব হয়েছে। সম্প্রচারিত কিছু কিছু বিষয় বিশেষ করে শিশু, নারী ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য নাশকতামূলক হিসেবেই পরিদৃষ্ট। এ জন্য আমরা যথাযথ অধিনৈমায়িক কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছি- যা জাতিকে রক্ষা এবং এই শিল্পের সুগম বিকাশ নিশ্চিত করবে।
 
মন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ডের ‘গ্রাউন্ড ওয়ার্ক’ সম্পন্ন হয়েছে। এখন কেবল স্টেকহোল্ডারদের প্রতিনিধি মনোনয়নের অপেক্ষায় রয়েছে। এ বোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিত্ব থাকবে।
 

ইত্তেফাক/মণ্ডল