রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাত্ করবেন। আর ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যর কমিশন টঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নতুন ইসি সোমবার সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিবে। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এটিই হবে তাদের প্রথম কমিশন বৈঠক। এতে ওই দুই নির্বাচন ছাড়াও বেশকিছু ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে। সামনে এইচএসসি পরীক্ষা ও রমজান রয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন কমিশন। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার ভেতরেই নির্বাচনের জন্য কোনো ফাঁক খুঁজে বের করা হবে।
ইত্তেফাক/মণ্ডল
