বার্লিন উৎসবের সোনার ভালুক উঠলো হাঙ্গেরির হাতে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৬
৬৭তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সোনার ভালুন জিতে নিলো হাঙ্গেরির প্রেমের ছবি 'অন বডি অ্যান্ড সোল'। বুদাপেস্টের একটি কসাইখানা ছবির পটভূমি। ছবির গল্প মারিয়া নামের এক নবীন কর্মীকে ঘিরে। মারিয়া খুবই শান্ত চুপচাপ স্বভাবের। তার বস আন্দ্রেও কিছুটা তাই। ঘটনা নতুন মোড় নেয় যখন একই দিনে একই স্বপ্ন দেখে মারিয়া আর তার বস।
 
'অন বডি অ্যান্ড সোল'ই ছিল উৎসবের সমাপনী চলচ্চিত্র। শনিবার (১৮ ফেব্রুয়ারি, বার্লিন সময় রাত আটটা) এটি প্রদর্শনের পরই নির্মাতা ইলডিকো এনেইডির হাতে তুলে দেয়া হয় অত্যন্ত সম্মানজনক এই সেরা পুরস্কার সোনার ভালুক।
 
 তবে গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে সেনেগালের নির্মাতা অ্যালেন গমিসের ‘ফেলিসিটি’। এর গল্প কিনশাসায় রাতের বারে গায়িকা হিসেবে কাজ করা এক নারীকে ঘিরে। দর্শক-শ্রোতার জীবন আলোকিত হয়ে যায় তার কারিশমার সুবাদে।
 
সেরা অভিনেতা হিসেবে রুপার ভালুক পেয়েছেন অস্ট্রিয়ার জিওর্গ ফ্রাইডরিচ। জার্মান-নরওয়েজিয়ান বাবা-ছেলের গল্প নিয়ে নির্মিত 'ব্রাইট নাইটস' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি।
 
'অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন' ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে দক্ষিণ কোরিয়ার কিম মিন-হি'র হাতে।
 
ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি 'দ্য আদার সাইড অব হোপ' ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পর্তুগালের 'স্মল টাউন'।
 
IMG0
 
উৎসবে জুরিরা এবার যুক্ত করেছেন নতুন বিভাগ মৌলিক চিত্রনাট্য। এ পুরস্কারটি পেয়েছে ইসরায়েলি আইন ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি পরিচালক রায়েদ আন্দোনির ছবি 'গোস্ট হান্টিং'।
 
গত ৯ ফেব্রুয়ারি ফরাসি ছবি 'জ্যাঙ্গো' প্রদর্শনের মধ্য দিয়ে এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। উৎসবের বিভিন্ন বিভাগে মোট ৪০৩টি ছবির প্রদর্শনী হয়েছে। আয়োজকদের আমন্ত্রণসহ দশদিনের এ আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ লাখ শিল্পী, কলাকুশলী ও সংবাদমাধ্যমের কর্মীরা। এছাড়া বিভিন্ন ছবির প্রদর্শনীর টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু