মেসির জোড়া গোলে বার্সার জয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৬
মেসির জোড়া গোলে জয়ে ফিরলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবিবার  দুর্বল লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। এদিনও ম্যাচ এগোচ্ছিলো ড্রয়ের দিকে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে বাঁচান মেসি।
 
রবিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লেগানেসের মুখোমুখি হয় বার্সা। দুর্বল লেগানেসের বিপক্ষে খেলতে নামলেও যেন আগের ম্যাচের প্রভাব রয়েছে।  তবে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড পায় দলটি। লুইস সুয়ারেজের পাস থেকে বার্সাকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
 
বিরতির পর প্রতিরোধের দেয়াল তৈরি করে লেগানেস। ৭১ মিনিটে সফলও হয় দলটি। উনি লোপেজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।
 
ম্যাচটির এক পর্যায়ে বার্সা সমর্থকরা ভেবেই নিয়েছিলো ড্র নিয়েই মাঠ ছাড়বে দু’দল। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারো ত্রাতা মেসি। প্রতিপক্ষের ফাউলে পেনাল্টি পায় বার্সা। আর সেই সুযোগে বার্সার জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি মেসি।
 
এ জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো বার্সা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে দলটি। তবে দুই ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।
 
ইত্তেফাক/মাহাদী