পাঁচ দিনে লাখ পেরিয়ে মিনারের ‘কারণে অকারণে’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩১
 
‘কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত, জোছনা নিলাম, নিয়মে অনিয়মে, দহনে বা ধারণে’ ইশতিয়াক আহমেদ’র এই কথাগুলো কণ্ঠে প্রকাশ করেন সঙ্গীতশিল্পী মিনার রহমান। সেটা পাঁচদিন আগে ইউটিউবে প্রকাশ করা হয় গানটির লিরিকাল ভিডিও। আর তাতেই বাজিমাত, সোমবার দুপুর পর্যন্ত ‘কারণে অকারণে’ শিরোনামের এ গানটি দেখেছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।
 
গানটি যে শুধু দেখেই ক্ষান্ত তা কিন্তু না, কমেন্ট করেছেন ১৯২ জন ভক্ত। এমন দর্শক সাড়ায় মুগ্ধ এই গানের সঙ্গীতশিল্পী, গীতিকার, সঙ্গীতায়োজকসহ কলাকুশলীরা।
 
বিশেষ গুরুত্বে লেখা ‘কারণে অকারণে’ গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিশেষ জনপ্রিয়তা পাবে বলে আগেই আশাবাদ ব্যক্ত করেন গীতিকার ইশতিয়াক আহমেদ। আর তার সফলতায়ও খুশি তিনি।
 
এমন দর্শক সাড়া নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে মিনারের কথা হলো। মিনার বলেন, ‘আমার প্রতীক্ষা ভালো। মানুষ গানটা খুব পছন্দ করেছে। এটাই সবচেয়ে পজিটিভ ব্যাপার।'
 
গানের সুর নিয়ে তিনি আরো বলেন, ‘আমি গানটার সুর করার ক্ষেত্রে একটু ভিন্নটা আনার চেষ্টা করেছি। আমার এক্সপেরিমেন্টকে শ্রোতা-ভক্তরা ভালমতো গ্রহণ করেছেন। এটাই দারুণ বিষয়।’
 
উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার রহমান ‌‘সাদা’ গান দিয়েই আলোচনায় আসেন। এরপর একেএকে আড়ি, আরও একটু দূরে কিংবা সবশেষ প্রকাশিত ঝুম গান দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন।
 
ভালবাসা দিবসে প্রকাশিত ‘কারণে অকারণে’ শিরোনামের বিশেষ ইপিতে তিনটি গান রয়েছে। ‘কারণে অকারণে’ ছাড়াও অন্যদুটি হলো ‘কেউ’ এবং ‘ঢাকা’। একটি গানের সুর মিনারের, অন্য দুটি করেছেন মার্শেল। তিনটি গানেরই কথা লিখেছেন জনপ্রিয় কথাশিল্পী, গীতিকার ইশতিয়াক আহমেদ।
ইত্তেফাক/আনিসুর