২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস বা ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শিত হয় টিভি চ্যানেলগুলোয়। দিবসটি উদযাপনে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।
আয়োজনের মধ্যে সকালে রয়েছে বাংলা সিনেমা আলোর মিছিল। অভিনয়ে রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন। প্রচারিত হবে সকাল ১০টা ৫০ মিনিটে।
ভাষার মাসকে মর্যাদপূর্ণভাবে পালন করতে এবং বাংলা ভাষা ও সাহিত্যকে পরিচিত করতে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন একুশের পঙক্তিমালা। বিষয়ভিত্তিক আলোচনা ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন আলোচনায়। আবৃত্তিকাররা পারফর্ম করবেন। প্রচারিত হবে বিকাল ৩টায়।
বিকাল ৫টা ২০ মিনিটে বিশেষ প্রামাণ্য চিত্র: আলতাফ মাহমুদ। দেশ বরেণ্য এই ব্যক্তি কে নিয়ে আলোচনা করেছেন তার সহকর্মীসহ সমাজের নানাধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান: রক্ত পলাশ তপ্ত শিমুল। নৃত্য পরিবেশন করবেন শামীম আরা নিপা ও তার দল।
ইত্তেফাক/আনিসুর
