ব্লগার রাজীব হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৬
ব্লগার আহমেদ রাজিব হায়দার হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
 
সোমবার দুপুরে উত্তরার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আশরাফ নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রূপনগর এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদালতে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা রানার মৃত্যুদণ্ড ঘোষিত হয়। ঘটনার পর থেকে রানা পলাতক ছিলেন। ২০১৪ সালে গাজীপুরের একটি ঠিকানা নিয়ে রানা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় চলে যায়। তার ব্যাপারে মালয়েশিয়া পুুলিশের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ দেওয়া হয়। মালয়েশিয়া পুলিশ ওইসব তথ্য যাচাই বাছাই করে রানাকে আটক করে। আজ সোমবার মালয়েশিয়ান পুলিশ একটি ফ্লাইটে তাকে ঢাকায় ফেরৎ পাঠায়। বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর উত্তরা এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। 
 
মনিরুল ইসলাম আরো জানান, মালয়েশিয়ায় জুন্নুন শিকদারের সঙ্গে রানা একজোট হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম মনিটরিং করতো। জুন্নুন শিকদার বর্তমানে সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে। রানা আনসারুল্লাহ বাংলা টিমের বড় ভাই হিসেবে পরিচিত।
 
ইত্তেফাক/সালেহ্/ উজ্জল/মাহদুমুদুল ইসলাম