যশোর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
সোমবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও দেশপ্রেমিককে হারিয়েছে। প্রবীণ এ রাজনীতিক জেলা আওয়ামী লীগের রাজনীতির অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তার অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ রাখবে।
 
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামান গতরাত একটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। আজ নওয়াপাড়া পারিবারিক কবরস্থানে বাদ আসর জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল