স্বামীর ছবি ‘রেঙ্গুন’ নিয়ে মুখ খুললেন কারিনা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪
চলতি মাসের ২৪ তারিখ  মুক্তি পেতে যাচ্ছে বিশাল ভারদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিটি। এই ছবি নিয়ে মন্তব্য করে স্পটলাইট কেড়ে নিলেন কারিনা কাপুর খান। এই ছবিতে তিনি অভিনয় না করলেও পরোক্ষভাবে জড়িয়ে আছেন কারিনা। সাবেক প্রেমিক শহীদ কাপুর ও বর্তমান স্বামী সাইফ আলি খান এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।
 
কারিনার মতে, শহীদ, সাইফ ও কঙ্গনা এতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
 
এই ছবির মাধ্যমে তিন তারকার সেরা অভিনয় দেখতে পাবেন দর্শক, এমন মন্তব্য করলেন কারিনা। ‘রেঙ্গুন’-এ সাইফ অভিনয় করছেন এক নির্মম চলচ্চিত্র প্রযোজকের ভূমিকায়। বিশাল ভারদ্বাজের ‘ওমকারা’-র পর এই ছবিতে ফের নেতিবাচক ভূমিকায় অভিনয় করবেন তিনি।
 
কারিনা জানান, বিশাল ভারদ্বাজের ছবিতে নেতিবাচক চরিত্রগুলো বেশ নজরকাড়া হয়। কিন্তু এবার এই ছবিতে তিন তিনজন সেরা অভিনেতা রয়েছেন। তাদের মধ্যে নিশ্চয় নিজেদের সেরা কাজটা দেওয়ার প্রতিযোগিতা হবে।
 
এই তিনজনই আজকের বলিউডের সেরা অভিনেতা বলে মন্তব্য করেছেন কারিনা। তার কথায়, ‘রেঙ্গুন’-এ সাইফের চরিত্র রীতিমত আকর্ষক হবে। এই প্রথম এ ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি দেখার জন্য অন্য সবার মত তিনিও উদগ্রীব হয়ে রয়েছেন বলেও মন্তব্য করেছেন সাইফ পত্নী কারিনা।
 
ইত্তেফাক/রেজা