আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। ‘লাল রঙের গল্প’ নামের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
তৌকীর বলেন, ‘নাটকে জামিল নামের চরিত্রে অভিনয় করেছি আমি। যেখানে একটা অদ্ভুত প্রশ্নের পেছনে ছুটছে জামিল। চল্লিশ বছরের মানুষটি খুঁজে বেড়াচ্ছে রাফসানজানী নামের এক শতবর্ষী দার্শনিককে, যিনি নির্বাসনে আছেন দুই যুগ ধরে। কেবল ফেব্রুয়ারি মাস আসলেই তাকে খুঁজে পাওয়া যাবে। এখানে আমার আমার স্ত্রী লিলির ভূমিকায় অভিনয় করেছেন বিপাশা।’
তিনি বলেন, ‘এই নাটকের শুটিং হয় বেশ কিছুদিন আগে। খুব ভালো লেগেছে এমন চরিত্রে অভিনয় করতে পেরে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে নাটকটি দেখে।’
নাটকে তৌকীর ও বিপাশাসহ আরও অভিনয় করেছেন বিপাশ আনোয়ার, মনির জামান, শারমিন আক্তার, খন্দকার হিমেল, কাব্য প্রমূখ। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টা ২০ মিনিটে এনটিভিতে নাটকটি সম্প্রচারিত হবে।
ইত্তেফাক/সেতু
