গলি পথে টেনিস বলেই কেটেছে শৈশব। ক্রিকেট যে এভাবে রাতারাতি রাজপথে তুলে আনবে সেটা স্বপ্নেও ভাবেননি এবারের আইপিএলের নতুন চমক টি নটরাজন। নিলাম শেষে এক সাংবাদিককে ফোনের অন্যপ্রাপ্ত থেকে নটরাজন বলছিলেন, ‘আমি এখনও ভাবতেই পারছি না। আমার মাকে বলা মাত্র তো উনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরাও বলল, আজ ভাল কিছু খাওয়াতে হবে।’
টিভিতেই আইপিএল নিলাম দেখেছেন নটরাজন। কয়েক মিনিটেই তিনি ১০ লাখ থেকে হয়ে উঠলেন তিন কোটির ক্রিকেটার। এ বিষয়ে এই তরুণের বক্তব্য, ‘এত দাম দেয়ায় এখন প্রত্যাশাও অনেক থাকবে। সেই চাপটা আমায় নিতে হবে।’
কিন্তু ক্রিকেটের এই উঠতি তারকা এক সময় ভেবেছিলেন বাবার মতোই তাঁকেও হয়তো কুলির কাজ করেই জীবন কাটাতে হবে। বলছিলেন, ‘ক্রিকেটই আমাকে নতুন করে পথ দেখালো। আমি খুব গরীব ঘরের ছেলে। বাবা কুলি। মায়ের মুরগির মাংসের দোকান। আইপিএল তো দূরের কথা, রঞ্জি খেলতে পারব সেটাই এক সময় ভাবতে পারিনি।’
এই তরুণ ইয়র্কারে বিপর্যস্ত করে থাকেন প্রতিপক্ষকে। এবার তার সেই অস্ত্রের প্রয়োগ দেখা যাবে আইপিএলে।
ইত্তেফাক/মণ্ডল
