আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএফডিসিতে আয়োজন করা হয়েছে দিনভর বিভিন্ন অনুষ্ঠান। একুশের প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টায় এফডিসি শহীদ স্মতিস্তম্ভে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়। ছিল বিশেষ আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী।
‘জীবন থেকে নেয়া ও জহির রায়হান’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচকদের মধ্যে থাকবেন আমজাদ হোসেন, নায়করাজ রাজ্জাক, সুচন্দা, শমী কায়সার, হাসান ইমাম প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজন করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি এবং সহযোগিতা করেছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও ফিল্ম আর্কাইভ।
ইত্তেফাক/আনিসুর
