দিল্লিতে তারিক আনামের সফল অস্ত্রোপচার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০
 
দিল্লির হার্ট অ্যান্ড লাঞ্চ হসপিটালে ২০ ফেব্রুয়ারি সোমবার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খানের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
 
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে জানান, তারিক আনাম এখন সুস্থ আছেন। তার স্ত্রী নিমা রহমান হাসপাতাল থেকে সুবর্ণা মুস্তাফাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
 
জানা গেছে, জনপ্রিয় এই অভিনেতার হার্টে দুটো রিং পরানো হয়েছে। সফল অস্ত্রোপচার হলেও আইসিইউতে রাখা হয়েছে তাকে। তবে এখন বেশ সুস্থ আছেন তিনি।
 
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার হৃদরোগে আক্রান্ত অভিনয়শিল্পী তারিক আনাম খান উন্নত চিকিৎসার জন্য ভারত যান। ১৪ ফেব্রুয়ারি পুবাইলে একটি নাটকের শুটিংয়ের সময় হুট করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে হাসপাতালে নেয়া হয়।
 
পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিন দিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লি নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
 
ইত্তেফাক/আনিসুর