ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি’র আচরণবিধি ভঙ্গ করায় সীমিত ওভারের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার দেয়া এক বিবৃতিতে জানানো হয়,আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিকবেলার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। অবশ্য যে আউটের জন্য ডিকবেলা তর্কে জড়িয়ে দু’ম্যাচ নিষিদ্ধ হলেন, টিভি রিপ্লেতে দেখা গেছে আম্পায়ারের সিদ্ধান্তটিই ভুল ছিলো।
জিলং-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ের জন্য ১৭৪ রানের টার্গেটে শ্রীলংকার ওপেনার হিসেবে নামেন ডিকবেলা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অসি পেসার জেমস ফকনারকে স্কুপ করতে গিয়ে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার আম্পায়ার সাইমন ফ্রাই ডিকবেলাকে আউট দেন। তাতে অসন্তোষ প্রকাশ করেন ডিকবেলা। ক্রিজ থেকে ডাগ আউটে ফেরার আগ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন তিনি।
ডিকবেলার এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ম্যাচ রেফারির নজরে পড়লে তিনি আইসিসির কাছে রিপোর্ট করেন। আইসিসির নিয়ম ভঙ্গের কারণে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট পান তিনি। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট হলো পাঁচ। আর এতে পরবর্তী ২ ম্যাচ নিষিদ্ধ হলেন ডিকবেলা।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে চতুর্থ ওয়ানডে ম্যাচে স্বাগতিক পেসার কাগিসো রাবাদার সাথে দ্বন্দ্বে জড়িয়ে ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ডিকবেলা। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ এবং বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না ডিকবেলা। বাসস/এএমটি।
ইত্তেফাক/সেতু
