শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল নিয়ে ব্যাখ্যা দিলেন নান্নু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩০
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ব্যাখ্যা দিয়েছেন দল নির্বাচন নিয়ে।
 
আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ভারতের বিপক্ষে সর্বশেষ স্কোয়াডে থাকা শফিউলের জায়গায় সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। সেই সঙ্গে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আর ইমরুল জায়গা হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টেই তার ফেরার জোর সম্ভাবনা রয়েছে।
 
মুস্তাফিজের প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘আগের চেয়ে মুস্তাফিজের এখন যথেষ্ট উন্নতি হয়েছে। বিসিএলে মুস্তাফিজকে দুটি ম্যাচ খেলানোর ফলে ফিটনেসের অবস্থা বুঝতে সুবিধা হয়েছে। আমার মনে হয়েছে তিন ফরম্যাট খেলতে মুস্তাফিজের কোনও অসুবিধা হবে না।’
 
প্রথম টেস্টে ইমরুল না থাকাতে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে কেবলমাত্র লিটন কুমার দাস। সেক্ষেত্রে মুশফিক কিপিং করলে লিটনের খেলার সম্ভাবনা একদমই নেই। 
 
তিনি আরও যোগ করেন, ‘কিপিং নিয়ে প্রশ্ন হলে সোহান অনেক ভালো উইকেটরক্ষক। কিন্তু যদি ব্যাটিং বিষয়টি সামনে আনেন, সেক্ষেত্রে এগিয়ে লিটন। এ জন্যই তাকে আমরা সুযোগ দিয়েছি।’
 
মুশফিকের কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেই। তারপরও মুশফিকের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। মুশফিকের পক্ষেই সাফাই গাইলেন প্রধান নির্বাচক।
 
শফিউল ভালো খেলেই দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনও ম্যাচ না খেলেই আবার বাদ পড়তে হলো অভিজ্ঞ এই পেসারকে। যদিও ফিটনেসের ‘অজুহাত’ দাঁড় করিয়ে তাকে বাদ দিয়ে রুবেলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। 
 
রুবেলের বিসিএলের পারফরম্যান্সে খুশি নির্বাচকরা। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞ এই পেসারকে, ‘রুবেল বিসিএলে পর পর তিনটি ম্যাচ খেলেছে। সেখানে ভালো বোলিং করেছে। বিশেষকরে তৃতীয় রাউন্ডে অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় ওর এখন ক্ষমতা আছে টেস্ট ক্রিকেটকে কিছু দেওয়ার।’
 
ইত্তেফাক/সেতু