বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে মাত্র ৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমালো স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আফগানরা।
সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে হারারে স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আফগানিস্তান বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৩২.৪ ওভারে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে তারিসাই মুসাকান্দা ৭৪ বলে ৬০ ও ম্যালকম ওয়ালার অপরাজিত ৩৬ রান করেন। ষষ্ঠ উইকেটে মুসাকান্দা ও ওয়ালারের ৮১ রানের জুটিতে অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা এড়ায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের পক্ষে গুলবাদিন নাইব ২৭ রানে ৪ উইকেট নেন।
জবাবে শুরু থেকেই আফগানিস্তান ব্যাটসম্যানদের বল হাতে চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। বড় কোন জুটিই গড়তে পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ফলে ২৯ দশমিক ৩ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। অধিনায়ক আসগর স্তানিকজাই সর্বোচ্চ ৩১ রান করেন। এ ছাড়া সামিউল্লাহ সেনওয়ারি ২৯ রান করেন।
অল্প পুঁজি নিয়েও জিম্বাবুয়েকে দুর্দান্ত এক জয়ের স্বাদ এনে দিতে দারুণ অবদান রেখেছেন তিন বোলার তেন্ডাই চাতারা, সিন উইলিয়ামস ও ক্রিস এমপফু। তিনজনই ৩টি করে উইকেট নিয়েছেন। একই ভেন্যুতে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ। বাসস/এএমটি।
ইত্তেফাক/সেতু
