ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মুনিরুল ইসলাম। রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে উপস্থাপন করা রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা উত্তরা পশ্চিম থানাধীন বায়তুল নূর মসজিদের সামনে জড়ো হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখান থেকে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন পালিয়ে যায়।
২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার পর আসামি রানা মালয়েশিয়ায় পালিয়ে যান। সেখান থেকে দেশে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। আসামিরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আসামিদের রিমান্ড আবেদনে আরও যোগ করা হয়েছে, এই আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই, ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে রানার আইনজীবী হাফেজ আহাম্মেদ রিমান্ডের বিরোধিতা করে বিচারকের কাছে তার মক্কেলের জামিন চান। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিন নাকচ করে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
ইত্তেফাক/কাউছার
