জহির রায়হানকে জাতীয় চলচ্চিত্রকার ঘোষণার দাবি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০২
ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত জহির রায়হানের পরিচালনায় ‘জীবন থেকে নেয়া’ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রাহহান কালার ল্যাব মিলনায়তনে ‘জীবন থেকে নেয়া এবং জহির রায়হান’ শীর্ষক এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন ছবির চিত্রনাট্যকার ও অভিনেতা আমজাদ হোসেন, অভিনয়শিল্পী রাজ্জাক ও সূচন্দা এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, গুণী চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
 
IMG0
 
এসময় অকালপ্রয়াত গুণী নির্মাতা জহির রায়হানকে জাতীয় চলচ্চিত্রকার ঘোষণার দাবি জানিয়েছেন আরেক প্রবীণ নির্মাতা আমজাদ হোসেন। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত “জীবন থেকে নেয়া” ছবিটি। এছাড়া তার ১৯৭১ সালের গণহত্যা নিয়ে নির্মিত ‘‘স্টপ জেনোসাইড’’ বাংলাদেশের একটি মূলবান ছবি। যেটি আন্তর্জাতিক মহলে ব্যপক প্রশংসা কুড়িয়েছে। তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনের নির্ভিক সৈনিক ছিলেন। তাকে আমরা মূল্যায়ন করতে পারিনি।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য যারা এ পর্যন্ত অবদান রেখে গেছেন, তাদের প্রায় প্রত্যেককে সরকার সম্মান দিয়েছে বিশেষ ভাবে। সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে দাবি, জহির রায়হানকে জাতীয় চলচ্চিত্রকার ঘোষণা করা হউক।’
 
ইত্তেফাক/সেতু