বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে : মোহাম্মদ নাসিম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০৮

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এটি নিয়ে তারা অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে। রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে। এর কোনো ভিত্তি নেই। সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার কারণেই আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে।

গতকাল মঙ্গলবার তিনি কাজীপুর শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ  করেন। পরে তিনি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে ৩০ লাখ বাঙালি শহীদের বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বেগম খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে যে মন্তব্য করেছেন তা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল, ক্ষমার অযোগ্য ও অমার্জনীয় অপরাধ। এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। নইলে এদেশের জনগণই তার বিচার করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের গান্ধাইল ইউনিয়নে গণসংযোগ করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

ইত্তেফাক/নূহু