একুশে পদকপ্রাপ্ত টিভি ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর'র জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। টেলিভিশন, বেতার ও পত্রপত্রিকাসহ মিডিয়ায় সুনামের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণ পদক, কবি শামসুর রাহমান শিশুসাহিত্য পুরস্কার, টেনাশিনাস পদক ও ইউরো শিশু সাহিত্য পুরস্কার।
চলচ্চিত্র প্রযোজনার জন্য তিনি পেয়েছেন ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিদেশের নানা সম্মাননা ও পুরস্কার। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ এবং পরিচালনার জন্য তিনি পেয়েছেন বাচসাস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সংগঠনের পুরস্কার।
একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ফরিদুর রেজা সাগর বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিক্ষা ও শিশুকিশোর উপযোগী সৃজনশীল অসংখ্য অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে এ লেখকের রচনায় প্রবল জনপ্রিয় স্বাধীনতার নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে নয়টি। বর্তমানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন।
ফরিদুর রেজা সাগর এর ‘ছোট কাকু সিরিজ’ ছোট বড় সকলের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে। বড়দের জন্যও লিখেছেন নানা ধরনের বই। ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘ভ্রমণ ভ্রমিয়া শেষে’ ছাড়াও বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে তথ্যভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ একজীবনে টেলিভিশন, টেলিভিশন জীবনের সঙ্গী এবং বাংলা টেলিভিশনের ৫০ বছর, বইগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং গল্প ‘অমি ও আইসক্রিম’অলা ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। কিশোর সমগ্র গ্রন্থ বেরিয়েছে সাতটি।
ফরিদুর রেজা সাগর এদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর নির্মাতা এবং বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ফজলুল হকের যোগ্য উত্তরসূরী এবং প্রখ্যাত কথাসাতিহ্যিক রাবেয়া খাতুনের পুত্র, বহুল জনপ্রিয় পক্ষিক ‘আনন্দ আলো’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং আলোচিত পত্রিকা টইটম্বুর’র উপদেষ্টা।
তিনি বাংলা একাডেমীর একজন ফেলো, মুক্তিযুদ্ধ যাদুঘরের স্থাপনা সদস্য ও ছায়ানটের কার্যকরী সদস্য এবং বর্তমানে বিভিন্ন শিশু সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত এবং এসব সংগঠনের তিনি চ্যারিটি মেম্বার। ছোটবেলা থেকে সক্রিয় অবদান রেখেছেন কেন্দ্রীয় কচিকাঁচার মেলা এবং চাঁদের হাট প্রতিষ্ঠানে।
ইত্তেফাক/আনিসুর
