১৩ বছর পর ট্রেন সফরে ধোনি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১
ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়েছেন দুই মাস পেরিয়ে গেল। দিন কয়েক আগে থেকে আইপিএল দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক পদও ছেড়ে দিতে হয়েছে। বলতে গেলে অবসর জীবনই কাটছে ধোনির। আর এই অখন্ড সময় যে ধোনি উপভোগ করছেন সেটা বেশ বোঝাই যায়। কখনো মাহি ব্যস্ত থাকে তার কন্যাকে হামাগুড়ি শেখাতে আবার কখনো কুকুর নিয়ে খেলায় মেতে উঠেন তিনি।
 
আই পি এল এর আগে নিজের রাজ্য দল ঝাড়খণ্ডের অধিনায়কত্ব করতে ফিরে গেছেন ঘরোয়া ক্রিকেট খেলতে। ২৫ তারিখ থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতে রাজ্যদলকে নেতৃত্ব দেবেন। কর্ণাটকের বিপক্ষে ম্যাচ খেলতে দল ট্রেনে করে এসেছে কলকাতায়। ধোনিও এই সুযোগটা নিলেন। নিজের তারকাখ্যাতির তোয়াক্কা না করে দলে সঙ্গে চড়লেন ট্রেনে।
 
 

A post shared by @mahi7781 on Feb 21, 2017 at 6:08pm PST

 
আর এর মধ্যদিয়ে দীর্ঘ ১৩ বছর পর যেমন ট্রেনে চড়লেন মাহি। ধোনির জীবনের সঙ্গে দারুণভাবে জড়িয়ে আছে রেলগাড়ি। নিজের কঠিন সময়ে টিকিট চেকার পদে কাজ করছিলেন রাঁচির সেই তরুণ।
 
দীর্ঘ ভ্রমণটা যে দারুণ উপভোগ করেছেন, সেটি বোঝা গেল ধোনির কথায়, ‘১৩ বছর পর ট্রেনে চড়েছি। দীর্ঘদিন পর। ভ্রমণটা বেশ লম্বা এবং আমি দারুণ উপভোগ করেছি। ঝাড়খণ্ডের সতীর্থদের সঙ্গে গল্পে-আড্ডায় সময়টা বেশ কেটেছে।’ ইনস্টাগ্রামে ট্রেন-ভ্রমণের একটা ছবিও আপলোড করেছেন তিনি।
 
ইত্তেফাক/রেজা