চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় আসবে ১৮ মার্চ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর থেকে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ১শ দিনের কাউন্টডাউন। আসন্ন আসরে অংশগ্রহণকারী ৮টি দেশের ১৯টি শহরে প্রদর্শিত হবে এ ট্রফি। সেই মোতাবেক আগামী ১৮ মার্চ ঢাকায় আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
 
গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন করতে গিয়ে আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন বলেন, গ্লোবাল ট্যুর শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ‘নিশান’ ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের দু’টি বড় ইভেন্টের চমৎকার আসর হবে।
 
কাউন্টডাউন অনুষ্ঠানে আরও ইপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
IMG0
তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন এবং চ্যালেঞ্জিং একটি টুর্নামেন্ট। আইসিসির এই ইভেন্টই পাকিস্তান কখনও জিততে পারেনি। আবার একমাত্র এই ইভেন্টেই আমরা ভারতকে হারাতে সক্ষম হয়েছি। আসন্ন আসরে পাকিস্তান ভালো ফল করবে বলে আমি আশাবাদি।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্লোবাল ট্যুর শুরু হবে আগামী ২ মার্চ। ভারত থেকে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে আগামী ২ মে যুক্তরাজ্যে পৌঁছাবে ট্রফিটি।
 
২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড এন্ড ওয়েলসের মাটিতেই হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। শিরোপা জয়ের লড়াই শুরু হবে ১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুন। সেরার মুকুট পড়তে ব্যাট-বলের লড়াইয়ে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তানের সাথে নামবে বাংলাদেশও। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিকেই সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আসর বিবেচনা করা হয়। 
 
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। 
 
ওভালে ১ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ জুন অস্ট্রেলিয়ার ও ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 
 
ইত্তেফাক/রেজা