বায়ার লেভারকুজেনকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টারফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।
মঙ্গলবার বে এরিনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ১ম লেগের ম্যাচে সাউল নিগুয়েজ ও গ্রিজম্যানের গোলে প্রথমার্ধেই স্বাগতিকদের বিরুদ্ধে ২-০ গোলের লীড নিয়ে নেয় সফরকারী অ্যাটলেটিকো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কারিম বেলারাবি একটি গোল পরিশোধ করলে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয় জার্মান ক্লাবটি। কিন্তু পরক্ষনেই পেনাল্টি থেকে এ কেভিন জামেরিও ফের গোল করলে ব্যবধান বেড়ে যায়। অ্যাটলেটিকো ডিফেন্ডার স্টেফান সাবিস আত্মঘাতী গোল করলে ফের ব্যবধান কমে যায়। শেষদিকে এসে বদলী খেলোয়াড় ফার্নান্দো তোরেসের গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাব।
IMG0
ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, এটি আমাদের জন্য এটি অসাধারণ ম্যাচ ছিল। ম্যাচের ফলাফলটিও নেহায়েত মন্দ হয়নি। প্রথমার্ধে আমাদের খেলা ছিল একেবারেই নিখুঁত।
ম্যাচের ১৭তম মিনিটে সাউলের চমৎকার নৈপুণ্যে এগিয়ে যায় অ্যাটলেটিকো। গাবির পাসের বল নিয়ে ডান দিক থেকে জোড়ালো বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই মিডফিল্ডার (১-০)। কিছুক্ষণ পর ২৫তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে কেভিন জামেরিওর পাস ফাঁকায় পেয়ে যান গ্রিজম্যান। সেটি অনায়াসে স্বাগতিক জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মান মিডফিল্ডার কারিম বেলারাবি ব্যবধান কমালে লড়াইয়ে ফেরে লেভারকুসেন (২-১)। কিন্তু ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে কেভিন জামেরিও ফের গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৬৭তম মিনিটে ডিফেন্ডার স্টেফান সাবিস আত্মঘাতী গোলে ফের লড়াইয়ে ফিরে আসে জর্মান ক্লাব (৩-২)। শেষ ১০ মিনিটে সমতায় ফেরার জন্য প্রতিপক্ষের ওপর তীব্র চাপও সৃষ্টি করে তারা। তবে ৮৬তম মিনিটে বদলী হিসেবে মাঠে নামা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস দর্শনীয় হেডে বল জালে পাঠালে সব সুযোগ বন্ধ হয়ে যায় লেভারকুসেনের (৪-২)।
IMG1
খেলা শেষে স্বাগতিক কোচ রজার সিমিডট বলেন, ম্যাচে আমরা আমাদের লড়াকু মনোভাবের প্রতিফলন ঘটিয়েছি। ম্যাচের শেষ ১৫ মিনিট আমরা দারুন খেলেছি। এ সময় গোটা স্টেডিয়াম ভর্তি দর্শক আমাদের সমর্থন জুগিয়েছে।
ইত্তেফাক/রেজা
