পরিবেশবান্ধব শিল্পায়নে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার সব সময় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী শিল্পায়নে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় শতভাগ দূষণ ও দুর্ঘটনামুক্ত শিল্প স্থাপনে সর্বোচ্চে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তাই জ্ঞানভিত্তিক ও শিল্পসমৃদ্ধ সমাজ বিনির্মাণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প-কারখানার মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করতে হবে।   
 
বুধবার রাজধানীর মিরপুরে এমআইএসটি মিলনায়তনে যন্ত্র প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএমইএএস-২০১৭) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং বুয়েটের মেকানিক্যাল অনুষদ যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। 
 
এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে মেকানিক্যাল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. লুৎফর রহমান সূচনা বক্তব্য রাখেন। 
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার অধ্যাপক স্টিফেন ডি. বাট। অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এমআইএসটির অনুষদ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবুজ শিল্পায়নের লক্ষ্যে পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন করেছে। পাশাপাশি সবুজ অর্থনীতি ও সবুজ প্রবৃদ্ধির ধারণা জনপ্রিয় করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের শিল্প উদ্যোক্তারা যাতে সবুজ শিল্পায়নের প্রকৃত সুবিধা কাজে লাগাতে পারে, সে লক্ষ্যে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। পরিবেশ ও জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার জ্বালানি সাশ্রয়ী শিল্পায়নের প্রতি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি এ সম্মেলন থেকে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে জাতির উন্নয়নে নিজ নিজ মেধা ও সৃষ্টিশীলতা কাজে লাগাতে উপস্থিত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
 
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব বেগম ইয়াসমিন সুলতানা, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের পরিচালক ড. স্টিফেন মিকালেফ বক্তব্য রাখেন। বাসস
 
ইত্তেফাক/উজ্জল