ঝিনাইদহে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭
ঝিনাইদহে কালীগঞ্জের শিশু একাডেমির ৩য় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সাইফ ( ৮ ) নামে এক শিশুকে হত্যার দায়ে শাকিল আহমেদ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  
 
আজ বুধবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হোসাইন এ রায় ঘোষণা করেন। 
 
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি কালীগঞ্জ শহরের থানা পাড়ার শিশুর পিতা নুর হোসেন লোটাসের দোকানের কর্মচারী ছিলেন। তিনি প্রতিদিন শিশু আরাফাত হোসেনকে স্কুলে নিয়ে যেতেন এবং বাড়িতে নিয়ে আসতেন। প্রতিদিনের মতো ২০১২ সালের ৭ অক্টোবর শাকিল আহমেদ শিশু আরাফাত হোসেনকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যান। কিন্তু শিশুটি বাড়ি ফিরে না আসায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়। আসামি শাকিলও বাড়ি আসে নি। পরে বেলা পৌনে একটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় শাকিলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন কালীগঞ্জের হেলাই গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে শিশু আরাফাত হোসেনকে পলিথিন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ আখের পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে।  
 
রায়ে উল্লেখ করা হয়, আখের পাতা দিয়ে লাশ লুকিয়ে রাখার জন্য ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সকল দণ্ড একসঙ্গে চলবে।  
 
ইত্তেফাক/মাহমুদুল