গণতন্ত্রের সঙ্গে সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৬
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ সামরিক স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছে। অর্থনৈতিক ঘাটতি পূরণ করা গেলেও সাংস্কৃতিক ঘাটতি অপূরণীয়। ফলে গণতন্ত্র আর অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সংস্কৃতিকেও সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। 
 
বুধবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার' শীর্ষক এক গণবক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান। 
 
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাষ্ট্রের সব স্তরে সংস্কৃতির ঘাটতি রয়েছে। শহীদ মিনারে ফুল দিতে যেয়ে আমরা শৃঙ্খলা ধরে রাখতে পারি না। মন্ত্রী, সংসদ সদস্যরা হুড়োহুড়ি করেন। বিভিন্ন দলের নেতারা অসহিষ্ণু হয়ে পড়েন। নাগরিক শৃঙ্খলা বোধের অভাব দেখা যায়। 
 
তিনি বলেন, গত ৫০ বছরের সংসদ অধিবেশন দেখুন, সেখানে হাস্যরস ছিল। যখন অ্যাডভোকেট আবদুল হামিদ স্পিকার ছিলেন, তখনো অনেক হাস্যরস হতো এবং তিনি নিজেও অংশ নিতেন। এখন সেটা নেই। বরং এখন সংসদে চরিত্রহনন হয় বেশি। 
 
তথ্যমন্ত্রী বলেন, শিক্ষকরা এখন ক্ষমতার সঙ্গে লেনদেন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাকের কাছে যেতেন পরামর্শ নিতে। এখন শিক্ষকরা পার্টি অফিসে যাচ্ছেন তেলবাজি করতে। বিচারপতিরা যখন বসে থাকেন আর নেতারা বক্তব্য দেন, সেটা বড় বেমানান মনে হয়।
 
ইত্তেফাক/উজ্জল