নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় না চালালে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৩
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন সেশনে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  
 
বুধবার রাজধানীর সাভারের দত্তপাড়া আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি ও একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন। তারা যদি আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারে তাহলে নতুন সেশনে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ভারতের ভিআইটি ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর এবং এডুকেশন প্রমোশন সোসাইটি ফর ইন্ডিয়ার সভাপতি ড. জি বিশ্বনাথ, ডিআইইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বক্তব্য রাখেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কিন্তু আমাদের লক্ষ্য সুদূর প্রসারি এবং দৃঢ। ২০২১ সালের মধ্যে অর্থাৎ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই। ২০৪১ সালে আমরা একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব সমাজে স্থান পেতে চাই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দরিদ্র দূরীকরণে শিক্ষার কোন বিকল্প নেই। দারিদ্র দূরীকরণ এখন ও আমাদের একটি বড় চ্যালেঞ্জ।
 
তিনি বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। প্রচলিত ও গতানুগতিক শিক্ষায় তা করা সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা, জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ব এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশগড়ায় নেতৃত্ব দিতে সক্ষম হবে। বাসস
 
 
ইত্তেফাক/উজ্জল