সম্প্রতি পারিবারিক জীবন নিয়ে খবরের শিরোনাম হলেও হাবিব তার কাজের ক্ষেত্রে কোন ছাড় দেননি। তাই তো নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। গানের নাম ‘মিথ্যে নয়’। গানটির সুর-সংগীত করেছেন হাবিব নিজেই।
সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির টিজার। আর এতে অন্য এক হাবিবকে দেখা গেল। ১ মিনিট পরিসরের এ টিজারে দেখা যায়, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন হাবিব। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবেন।
ইতোমধ্যে ফেসবুকে বেশ কয়েকজন সংগীতশিল্পী এ ভিডিওটি শেয়ার করেছেন। আর হাবিব ভক্তরা তো রীতিমত মেতে উঠেন প্রিয় শিল্পীর নতুন গানের উৎসবে!
এই ‘মিথ্যে নয়’ গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন।
ইত্তেফাক/রেজা
