মেলায় আনিস আলমগীরের বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯
বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে বুধবার বিকালে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক সাংবাদিক, শিক্ষক আনিস আলমগীরের ‘ধর্ম নিয়ে ব্যবসা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
 
মোড়ক উন্মোচন করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কলামিস্ট বখতিয়ার উদ্দিন চৌধুরী।
 
এ সময় গোলাম রহমান বলেন, আনিস আলমগীর এমন একজন সাংবাদিক যিনি গণমাধ্যমের নানা ক্ষেত্রে বিচরণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রের সংবাদ প্রচার করে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি ধর্ম নিয়ে ব্যবসা বইটিতে নানা ধরণের চ্যালেঞ্জিং লেখা লিখেছেন। যা দিয়ে খোলসের ভেতরে থাকা রাজনীতি বিদদের ভূমিকা সম্পর্কে জানা যাবে।
IMG0
আনিস আলমগীর বলেন,  পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্মের জন্য। আর বাংলাদেশ রাষ্ট্রের জন্মকালেও ধর্মের অপব্যবহার হয়েছে। ধর্মকে কেন্দ্র করে বর্তমানেও রাজনীতি হচ্ছে। আবার ধর্মকে ব্যবহার করে কিছু ধর্মান্ধ ব্যক্তি হাতে চাপাতি তুলে নিচ্ছেন।
 
তিনি বলেন, ধর্মান্ধতা, মৌলবাদ এবং যুদ্ধাপরাদীদের পরিণতি তুলে ধরা হয়েছে এই বইতে। এছাড়া সমসাময়িক নানা ঘটনাপ্রবাহের বিষয় নিয়ে বইটি লেখা হয়েছে। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। মূল্য ১৫০ টাকা।
 
ইত্তেফাক/উজ্জল