শিকারি থেকে বাঁচতে গরুর খামারে আশ্রয় মায়া হরিণের, ৯৯৯ ফোন করে উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৬:৪৭

প্রতিনিয়ত উজাড় হচ্ছে পরিবেশের অন্যতম উপাদান বনজঙ্গল। এতে নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্যের আবাসস্থল ও রসদ। ফলে কখনও বনজঙ্গলের প্রাণীকুল খাবারের সন্ধানে, আবার কখনও মানুষের নৃশংসতার শিকার থেকে বাঁচাতে লোকালয়ে নেমে আসে। তেমনই একটি প্রাণী হলো মায়া হরিণ।

রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার পাহাড় থেকে শিকারির তাড়া খেয়ে বাঁচার জন্য হরিণটি গরুর খামারে অবস্থান নেয়। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরীপাড়া এলাকার এমকে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে খামারের অবস্থান।

আরো পড়ুন: পুলিশ নিয়োগে অবিবাহিত থাকার শর্ত নিয়ে রুল

সকাল সাড়ে ১০টার দিকে হরিণটিকে দেখতে পেয়ে এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল করে। এর পর পুলিশ এসে হরিণটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে লোকালয়ে চলে আসা মায়া হরিণকে উদ্ধার করেছে পুলিশ। সেটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ