বিয়ের পর নাকি নায়িকাদের ক্যারিয়ারে ভাটা পড়ে। তবে সবার ক্ষেত্রে এই ধারণাটা যে ভুল সেটিই প্রমাণ করলেন এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির পরীক্ষিত সফল অভিনেত্রী মাহী। ক্যারিয়ারে প্রডাকশন হাউজ বদল, অতঃপর বিয়ে, তারপর আবারো বেশ সগৌরবেই কামব্যাক করেছেন মাহী।
তবে ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাস আর মাহীর এই বিরতিতে অন্য কারো জায়গা করে নেওয়াটা খুব সহজ ছিল, এরপরও নিজের যোগ্যতায় কেউই আসেননি। তাই নতুন করে বেশ ক’টি ছবির সাইনিং ও শুটিংয়ের কাজ শুরু করেছেন। আরশাদ আদনান তার নতুন ছবি ‘ময়না’ নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। যে ছবিতে মাহীর বিপরীতে কাজ করছেন কলকাতার সোহম।
অন্যদিকে সাম্প্রতিককালে সর্বাধিক ছবির নায়ক হিসেবে মাহীর বিপরীতে কাজ করেছেন সাইমন। সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন ঢালিউডে তার এখন সবচেয়ে প্রিয় নায়ক সাইমন।
প্রফেশনাল নায়িকা হিসেবে নিজের কলিগ প্রসঙ্গে এধরনের মন্তব্য করবেন এটাই স্বাভাবিক। তবে কাকতালীয়ভাবে হলেও সত্য যে, একইসাথে দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সাইমন-মাহী জুটির।
মাহী তার কামব্যাক প্রসঙ্গে বলেন, ‘এটাকে আমি কামব্যাক বলতে রাজি নই। কারণ আমি তো অবসর নিইনি বা বলিনি যে, আমি চলচ্চিত্রকে বিদায় জানাতে চাই। আর জীবনে বিয়ে-সংসার তো স্বাভাবিক প্রক্রিয়া। এখন আরো ভেবে-চিন্তে কিছু ছবির কাজ হাতে নিচ্ছি। কখনোই ফিল্মের বাইরে কিছু ভাবিনি, আর ভাবতেও চাই না।’
ইত্তেফাক/আনিসুর
