মুসার মামলায় প্রতিবেদন ৩০ এপ্রিল

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:২৩

অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে আদালত।

আজ রবিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

দুদক সূত্র জানায়, মুসা বিন শমসের তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকে ১২শ’ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন। কিন্তু এই টাকা অর্জনের ব্যাপারে বৈধ কোনো উত্স দেখাতে পারেননি। এছাড়া ঐ সম্পদ বিবরণীতে গাজীপুর ও সাভার এলাকায় তার নামে প্রায় এক হাজার দুইশ’ বিঘা সম্পত্তির কথা উল্লেখ আছে, যা দুদকের অনুসন্ধানে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: ছেলে সন্তান না হওয়ায় ফোনেই স্ত্রীকে তিন তালাক

দুদক সূত্র জানায়, মুসার নামে সুইস ব্যাংকে যে বিপুল পরিমাণ টাকা আছে তা কীভাবে বা কোন দেশ থেকে জমানো হয়েছে তারও কোনো বৈধ পথ এবং দালিলিক প্রমাণ দিতে পারেননি। এজন্য তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগটিও আনা হয়েছে। আর তিনি এসব মিথ্যা বিবরণী প্রতারণার উদ্দেশ্যে দিয়েছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়।

ইত্তেফাক/কেকে