বিএনপির নির্বাচন প্রতিহত করার ক্ষমতা নেই : রাশেদ খান মেনন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৪
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতার বা জেলে নেয়া হলেও দেশের অবস্থা স্বাভাবিক থাকবে। তার গ্রেফতারে পৃথিবী উল্টে যাওয়ার মত কোন ঘটনা ঘটবে না। বিএনপির নির্বাচন প্রতিহত করার শক্তি নেই।
 
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মেহেরপুরের গাংনীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
রাশেদ খান মেনন নির্বাচন কমিশন প্রসঙ্গে  বলেন, নির্বাচন কমিশন কঠোর করার জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের যে বিধান অনুযায়ী আইন করা প্রয়োজন। সময় না থাকার কারণে সার্চ কমিটির মাধ্যমে নাম নিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। স্বচ্ছ এবং নিরপেক্ষভাবেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
 
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড আনিছুর রহমান মল্লিক, কমরেড নুর আহমেদ বকুল, এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, অধ্যাপক ইয়াছিন আলী এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, সুজন সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/উজ্জল