দশম আইপিএলের নিলামে বেশকিছু আশ্চর্য ঘটনার মধ্যে অন্যতম হলো ভারতের অন্যতম পেসার ইরফান পাঠানের দল না পাওয়া। ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি। এই পেসারকে নিলামে কোনো দল না কেনায় সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। তবে এতদিন মুখ খোলেননি ইরফান। অবশেষে সেই ধৈর্যর বাঁধ ভাঙল তার।
সোশাল মিডিয়াতে নিজের ভক্তদের উদ্দেশ করে টুইট করলেন ইরফান। মঙ্গলবার নিজের টুইটারে ছোট পাঠান লেখেন, ‘২০১০ সালে আমি গুরুতর চোট পেয়েছিলাম। ফিজিও আমাকে জানিয়েছিল, আর হয়ত আমি ক্রিকেট খেলতে পারব না। ভাল হবে যদি আমি নিজের স্বপ্নকে ভুলে যাই। জবাবে আমি তাকে বলেছিলাম, আমি সব কষ্ট সহ্য করতে পারব কিন্তু দেশের হয়ে এই সুন্দর খেলাটি না খেলতে পারার কষ্ট সহ্য করতে পারব না।’
IMG0
এর সঙ্গে তিনি বলেন, আমি কঠোর পরিশ্রম করি। শুধু ক্রিকেট খেলতে পারার জন্য কিন্তু নয়, ফেরস একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর জন্য। আমি নিজের জীবন ও ক্যারিয়ারে অনেক ওঠা-নামা দেখেছি, কিন্তু হাল ছাড়িনি। এটাই আমার চরিত্র। আর চিরকাল আমি এ রকমই থাকব। বর্তমানে আমি কঠিন বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি জানি আপনাদের আশীর্বাদ ও প্রার্থনা আমাকে এই কঠিন বাধা টপকাতে সাহায্য করবে। যারা আমাকে সমর্থন জানিয়েছেন, তাদের জন্যই এই পোস্ট।’
একসময় ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান খেলোয়াড় ছিলেন ইরফান। ভালো একজন অলরাউন্ডার হওয়ার সম্ভবনা দেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেও মুস্তাক আলিতে বেশ ভালো ফর্মে ছিলেন ইরফান। পাঁচ ম্যাচে ৬.২৮ ইকোনমি রেটে চারটি উইকেট পেয়েছিলেন। কিন্তু আইপিএল অখ্যাত খেলোয়াড়রা জায়গা করে নিলেও কোনো দল ইরফান পাঠানকে কেনেনি।
ইত্তেফাক/রেজা
