মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫
মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টু। যেখানে অংশ নিবে বাংলাদেশ। তবে এর আগে ঘানার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। 
 
তবে দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলের বিপক্ষে প্র্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠে। যদিও কোচ অলিভার কার্টজের প্রত্যাশা, ওয়ার্ল্ড লিগ শুরুর আগে ঘানার বিপক্ষে ম্যাচের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের ভালোমতো ঝালাই করে নিতে পারবে। 
 
ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি রাউন্ড টু কে সামনে রেখে বাংলাদেশ দলের একমাসের কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে চলতি মাসের শুরুতে। চূড়ান্ত প্র্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ যেতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কিন্তু ভিসা জটিলতায় তা আর সম্ভব হয়নি। এরপর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে থাকা কেনিয়ার সাথে খেলার কথা থাকলেও তাও হয়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের আগে, আফ্রিকার আরেক দেশ ঘানার বিপক্ষে প্র্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আট দলের একটি ঘানা। তবে ভিন্ন গ্রুপে হওয়ায় প্রাথমিক পর্বে দেখা হচ্ছে না তাদের সাথে। 
 
সবকিছুর পরও এগিয়ে যাওয়ার প্রত্যয় দলের জার্মান কোচ অলিভার কার্টজের। বলেন, ঘানার বিপক্ষে প্র্রস্তুতি ম্যাচ কাজে দেবে টুর্নামেন্টে, ঘানার বিপক্ষে ম্যাচের মাধ্যমে আফ্রিকান স্টাইলের সাথে আমরা পরিচিত হতে পারবো। শারীরিকভাবে তারা অনেক ফিট। আমরা খুব সম্ভবত কোয়ার্টার কিংবা সেমিফাইনালে আফ্রিকান কোন দলকে পাবো। সেক্ষেত্রে এই প্র্রস্তুতি আমাদের কাজে দেবে।
 
আট জাতির টুর্নামেন্টে প্রাথমিকভাবে সেমিফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভার কার্টজ বলেন, আমাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। এরপর আমাদের ছেলেরা যদি অসাধারণ কিছু করতে পারে তাহলে হয়তো আমরা পরের রাউন্ডে খেলতে পারবো। তবে আপাতত আমরা সেমিফাইনাল খেলতে চাই।
 
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৪ মার্চ শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টু। এর আগে ঘানার বিপক্ষে আগামীকাল ও ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ তিনটি প্র্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক দল। 
 
ইত্তেফাক/রেজা