অনুবাদ সাহিত্যে আগ্রহ বাড়ছে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২২

দেশীয় লেখকদের বইয়ের পাশাপাশি বিদেশি সাহিত্যের অনুবাদ গ্রন্থও বাঙালি পাঠকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবার মেলায় বিদেশি সাহিত্যের অনুবাদ বেশ বিক্রি হচ্ছে। অনুবাদ বইয়ের সংখ্যা বাড়তে থাকায় তা প্রকাশনা জগতেও নতুন মাত্রা যোগ করেছে। কিছু কিছু প্রকাশনা প্রতিষ্ঠান অনুবাদকেন্দ্রিক প্রকাশনা নিয়েই উপস্থিত থাকছে বইমেলায়।

অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বললেন, ‘অনুবাদ বইয়ের প্রতি পাঠকের আগ্রহ রয়েছে। যারা বিশ্বের সাহিত্য সম্পর্কে খোঁজ-খবর রাখেন তাদের অনুবাদ বইয়ের প্রতি আগ্রহ রয়েছে।’

গতকাল বৃহস্পতিবার মেলার মূলমঞ্চে অনুবাদ বই নিয়ে আলোচনা হয়। শিরোনাম ছিল: ‘অনুবাদ সাহিত্য : সাহিত্যের অনুবাদ’। বক্তারা বলেন, অনেক অনুবাদ বই প্রকাশ পেলেও প্রয়োজন অনুযায়ী যথেষ্ট অনুবাদকর্ম হচ্ছে না। প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাব এবং অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে অনুবাদ-কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায়  অংশগ্রহণ করেন কবি ড. মুহাম্মদ সামাদ, কবি শামীম আজাদ এবং সাদাফ্ সায।  সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

মুহাম্মদ সামাদ বলেন, অনুবাদকর্মের ক্ষেত্রে আক্ষরিক অনুসরণের পরিবর্তে ভৌগলিক ও সাংস্কৃতিক জ্ঞানের সংযোগ অনুবাদকের জন্য অপরিহার্য বিষয়। এ বিষয়ে আমাদের নবীন অনুবাদকদের আরও সচেতন ও উদ্যোগী হতে হবে।

অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, শুধু বই প্রকাশ করলেই হবে না। সাহিত্যমান অক্ষুণ্ন রেখে বিষয়ানুগ থাকা অনুবাদকের পক্ষে সহজ কাজ নয়। এ বিষয়ে যেমন ভাষাজ্ঞানের যথার্থতা প্রয়োজন তেমনি প্রয়োজন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা।

উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ: এবারের মেলায় প্রকাশনা সংস্থা নালন্দা প্রকাশ করেছে আনোয়ার হোসেন মঞ্জুর অনুবাদে নিকোলাও মানুচির গ্রন্থ ‘মানুচির চোখে মোঘল ভারত’, নাগীব মাহফুজের ‘কায়রো ট্রিলজি (প্যালেস অব ডিজায়ার)’, খুশবন্ত সিং এর ‘প্যারাডাইজ অ্যান্ড আদার স্টোরিজ’ ও নজরুল কবিরের অনুবাদে জন বিংহ্যামের রহস্য উপন্যাস ‘মার্ডার প্ল্যান সিক্স’। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ফজল হাসানের অনুবাদে ‘ভিনদেশি নির্বাচিত প্রেমের গল্প’, সোহরাব সুমনের অনুবাদে ‘ইতালির শ্রেষ্ঠ গল্প’, গোলাম রহমানের অনুবাদে পাওলো কোয়েলহো রচিত গ্রন্থ ‘ইলেভেন মিনিটস্’ এবং কাজি জহিরুল ইসলামের অনুবাদে ‘জালালুদ্দিন রুমির কবিতা’। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ২১জন নারী কবির কবিতা নিয়ে গুলতেকিন খানের অনুবাদ গ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, অন্বেষা থেকে অব্দুল্যাহ আদিল মাহমুদের অনুবাদে প্রকাশিত হয়েছে স্টিফেন হকিং ও লিওনার্ড ম্লোডিনো রচিত ‘অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইম’ ও আহমাদ উল্লাহ ফয়সালের অনুবাদে জেমস ডি ওয়াটসনের গ্রন্থ ‘দ্য ডাবল হেলিক্স’, অনিন্দ্য থেকে ড. মোহাম্মদ আবদুর রশীদের অনুবাদে প্রকাশিত হয়েছে হামদুর রহমান কমিশনের বাছাইকৃত প্রতিবেদন ‘৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের আবির্ভাব : পাকিস্তানের ক্রিয়া-প্রতিক্রিয়া’, রোদেলা থেকে প্রকাশিত হয়েছে—অনিন্দিতা গুপ্ত রায়ের অনুবাদে মায়া এঞ্জেল্যু’র ‘নির্বাচিত কবিতা’, প্রতিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সাযযাদ কাদিরের অনুবাদ গ্রন্থ হোমারের ‘ইলিয়াড’, বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ফারহানা আজিম শিউলী’র অনুবাদ গ্রন্থ পাওলো কোয়েলহো’র ‘দ্য অ্যালকেমিস্ট’, উত্স প্রকাশন থেকে গোলাম কিবরিয়া ভূইয়া’র অনুবাদ প্রকাশিত হয়েছে জে টি রেংকিনের ‘ঢাকা ডায়েরি : সতেরো ও আঠারো শতকের বাংলা’ এবং কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আন্দালিব রাশদী’র অনুবাদ গ্রন্থ ‘খুশবন্ত সিং ১ ও ২’।

বাংলা একাডেমির গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা: বাংলা একাডেমি ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা করেছে গতকাল। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য জার্নিম্যান বুকসকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৭’ দেওয়া হচ্ছে। ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য রফিকুন নবীর ‘দেশসেরা জগেসরা শিল্পীকথা’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, পাভেল রহমানের ‘সাংবাদিকতা আমার ক্যামেরায়’ গ্রন্থের জন্য মাওলা ব্রাদার্স, রনজিত কুমার মন্ডলের ‘আচার্য প্রফুল­চন্দ্র রায়’ গ্রন্থের জন্য পুঁথিনিলয়কে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হচ্ছে। ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমি পাচ্ছে ‘ রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’।

২০১৭ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বাতিঘর, সংবেদ ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হচ্ছে । বইমেলার শেষ দিনে সন্ধ্যায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার তুলে দেওয়া হবে।

৭২ নতুন বই:গতকাল নতুন বই এসেছে ৭২টি। এরমধ্যে নবযুগ এনেছে সন্জীদা খাতুনের ‘সংস্কৃতির বৃক্ষ ছায়ায়’, সময় প্রকাশন এনেছে শামসুজ্জামান খানের ‘দূরে দূরান্তর’ ও ধ্রুব এষের ‘মাত্রা’, ছায়াবিথী এনেছে সাংবাদিক ফরিদা ইয়াসমিন সম্পাদিত ‘ইতিহাসের আয়নায় বঙ্গবন্ধু’, একুশে বাংলা এনেছে অনু হোসেনের ‘টুনটুনির গল্প’, শামীম পাবলিকেশন্স এনেছে রকিব হাসানের ‘সেরা দুই কিশোর গোয়েন্দা কাহিনী’, কথা প্রকাশ এনেছে আবুল ফজলের ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’, সৈয়দ আজিজুল হকের ‘বাংলা কথাসাহিত্যে মানবভাবনা’ প্রভৃতি ।

মোড়ক উন্মোচন:গতকাল বইমেলায় ৩১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে রয়েছে সূচিপত্র প্রকাশনী থেকে শ ম রেজাউল করিমের লেখা ‘শীর্ষ মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির রায়: ইতিহাসের দায় মুক্তি’ বইটি। বইটির মোড়ক উন্মোচন করেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সুুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও বইটির লেখক।

‘স্পর্শ ব্রেইল’ থেকে এলো আটটি বই:গতকাল স্পর্শ ব্রেইল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আটটি নতুন বই। বইগুলোর মধ্যে রয়েছে মুহম্মদ জাফর ইকবালের ‘ঈশপের গল্প’, নারীপক্ষের ‘ব্রেস্ট ক্যান্সার’, লুত্ফর রহমান রিটনের ‘রসগোল্ল­াটা কথা বলে’ ও কাইজার চৌধুরীর ‘শোভনের ৭১’। বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এই বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এছাড়াও একই দিন প্রকাশিত হয়েছে আইরিন সুলতানার সম্পাদনায় অডিও সিডি ‘৭১ দেখব বলে’।

আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ঘোষণা:এ বছর আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুজন। এরা হলেন, শ্বেতা শতাব্দী এষ এবং মধুমিতা চক্রবর্তী। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মায়ের নামে গতবছর থেকে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।

ইত্তেফাক/নূহু