বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার জন্যই ‘উদোর পিণ্ডি বুদো’র ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আর সেই অপচেষ্টার শিকার কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভির-উল-ইসলাম। এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের চরম ব্যর্থতায় জনমনে যে ধিক্কার উঠেছে সেটিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই তাসভীর-উল-ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মূলত তাসভির-উল-ইসলাম ঐ ভবনের মালিকও নন কিংবা ডেভেলপারও নন। তিনি ভবন নির্মাতা প্রতিষ্ঠান বা বিল্ডার্স-এর কাছ থেকে ফ্লোর কিনেছেন মাত্র। সুতরাং তিনি কোনভাবেই দায়ী হতে পারেন না।
তিনি বলেন, সম্পূর্ণরূপে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাসভির-উল-ইসলামকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র জনগণের নিকট বিএনপিকে দোষী করার জন্য। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণে সরকারের গাফিলতি এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মতো সরকারি প্রতিষ্ঠানের দৈন্য-দশায় দেশে একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যুতে যে ট্র্যাজেডি’র সৃষ্টি হচ্ছে সেটির দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সরকার নির্দোষ সাজতে চাচ্ছে। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে তাকে জড়িয়ে গ্রেফতার করা হয়েছে-এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
আরও পড়ুন: এফআর টাওয়ারে আগুন: তাসভির ও ফারুক সাতদিনের রিমান্ডে
রবিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, যে সরকারের আমলে রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ কাজ হয়, ভবন নির্মাণের পর হেলে যায়, ভবনের টেকনিক্যাল উপযোগিতা যাচাই না করে মানুষের বসবাস ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয় এবং ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুসরণ করা হয় না সেই সরকারের আমলে মানুষের জীবন যে ঝুঁকিপূর্ণ থাকবে সেটাই স্বাভাবিক। এগুলোর সম্পূর্ণ দায় সরকারের। এই সরকারের আমলে অন্তত: মানুষের নিশ্চিন্তে মৃত্যুর সুযোগ নেই। অপঘাত, দুর্বিপাক, দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যুরই এখন জয়জয়কার। চকবাজারের চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ার, গুলশানের কাঁচা বাজারে আগুনসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানিতে চারিদিকে শুধু ট্র্যাজিডি’রই পুনরাবৃত্তি ঘটছে। গণবিচ্ছিন্ন জবাবদিহিহীন আওয়ামী সরকার দেশে সুশাসনের পরিবর্তে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যস্ত বলেই জনস্বার্থের বিষয়টি সবসময় তাচ্ছিল্য করছে। ফলে নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই মানুষের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারী আকাশ-বাতাস ভারী করে তুলছে।
ইত্তেফাক/এমআই
