মৌলভীবাজারে আকস্মিক বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:২৯

মৌলভীবাজারে আকস্মিক বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)। তারা উত্তর পতনউষা গ্রামে দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দুই শিশু গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই বোন পতন ঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। নিহতের ঘটনায় দুই সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

আরও পড়ুনঃ শরণখোলায় লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে ফিরিয়ে দিল গ্রামবাসী

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ইত্তেফাক/নূহু