বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:৩৬

সিলেটের বালাগঞ্জের চাম্পারকান্দি গ্রামে ডাকাতের গুলিতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত ছাত্রলীগ নেতার নাম শাহাব উদ্দিন। তিনি দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের সুরমান আলীর পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গৃহকর্তা সুরমান আলীর ঘরে ডাকাতদল হানা দেয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে পাশের কক্ষে থাকা শাহাব উদ্দিন ছুটে আসেন। এ সময় ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাত দল কয়েকটি মোবাইল, চার্জার লাইট এবং কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গুলিবিদ্ধ হওয়ার পর মারাত্মক আহত অবস্থায় শাহাব উদ্দিনকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত গৃহকর্তা সুরমান আলী এবং তার ভাই ওয়াহাব আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ মৌলভীবাজারে আকস্মিক বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা যাচ্ছে এটি ডাকাতি না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের মৃতদেহ ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু